সুনামগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

সুনামগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আক্কাস আলী (৪৮)। তিনি সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা এবং আলী হোসেনের ছেলে।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কারাগারের ভেতরে আক্কাস আলী হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। বিষয়টি জানার পর কারারক্ষীরা দ্রুত তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর সময় তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হলেও রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।

জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, প্রতারণার অভিযোগে দায়ের করা দণ্ডবিধির ৪২০ ধারার একটি মামলায় গত মে মাস থেকে আক্কাস আলী হাজতি হিসেবে সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন। অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার আরও বলেন, এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কারা কর্তৃপক্ষরে তরফ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট