১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক।
শনিবার (১১ জুলাই) সমুদ্রের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকাটি ডুবে গেলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক এবং বাকি ৪ জন ছিলেন ক্রু ও পরিচারক।
উত্তাল সমুদ্রের বুক চিরে হন মে রুট দ্বীপ থেকে আন থোই বন্দরের দিকে যাওয়ার পথে উপকূল থেকে মাত্র ৪০০ মিটার দূরে নৌকাটি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, সাগরে বিশাল আকৃতির ঢেউ এবং বিরূপ আবহাওয়াই এই দুর্ঘটনার প্রধান কারণ। এখনো নিখোঁজ থাকা আরোহীদের সন্ধানে দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা দিতে হো চি মিন সিটি ও হ্যানয়ে বিশেষ জরুরি রেসপন্স সেন্টার খোলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তাঁরা নিবিড়ভাবে কাজ করছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন কেন্দ্র হিসেবে ‘ফু কুওক’ দ্বীপটি ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এমন আনন্দযাত্রার পথ ধরে নেমে আসা এই করুণ মৃত্যু সংবাদে দুই দেশের পর্যটন ও কূটনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D