যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। প্রচণ্ড এই গরমে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় এবং এর পরবর্তী দিনগুলোতেও লাখ লাখ মানুষকে এই চরম আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে বলেও গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয় ।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি বিশাল ‘হিট ডোম’ বা তাপবলয় বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ওপর অবস্থান করছে। এর ফলে ২০টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে। এখনো দেশটির প্রায় ১৪ কোটি মানুষ সক্রিয় তাপ সতর্কতার (হিট অ্যালার্ট) মধ্যে রয়েছেন।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নিউজার্সি অঙ্গরাজ্যে। সেখানকার জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তীব্র গরমের কারণে ১০টি কাউন্টিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদের অধিকাংশেরই বয়স ৩০ থেকে ৮০ বছরের মধ্যে। এদের অনেককে শীতাতপনিয়ন্ত্রণবিহীন বাড়িতে, নিজ বাড়ির বাইরে, সড়কে ও পার্ক করা গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।

রাজ্য স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এটি সাধারণ কোনো গ্রীষ্মকালীন তাপপ্রবাহ নয়; এই তীব্র গরম যেকোনো বয়সী মানুষ ও পশুর জন্য দ্রুত জীবনঘাতী হয়ে উঠতে পারে।

নিউজার্সি ছাড়াও ইলিনয় এবং মিসিসিপি অঙ্গরাজ্য থেকেও তাপপ্রবাহে মৃত্যুর খবর পাওয়া গেছে। মিসিসিপির হিন্ডস কাউন্টিতে মিচেল রে কুলি (৭৪) নামের এক বৃদ্ধ নিখোঁজ হওয়ার পর একটি গ্যাস স্টেশনের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তীব্র গরমের কারণেই তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে একই কাউন্টিতে মার্থা আইরিন (৮৩) নামের এক বৃদ্ধা নিজের বাগানে পড়ে যাওয়ার পর আর উঠতে পারেননি। তীব্র রোদে দীর্ঘ সময় থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই তীব্র গরমের কারণে শনিবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত স্বাধীনতা দিবসের প্যারেডসহ বেশ কিছু অনুষ্ঠান বাতিল করতে হয়। ওই দিন জাতীয় মল চত্বরে আয়োজিত একটি মেলাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যেখানে ৪৪ জন দর্শনার্থী গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠান চলাকালীন জরুরি সেবা বিভাগ তাপজনিত সমস্যায় আক্রান্ত ৫১ জনকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং ১২ জনকে হাসপাতালে পাঠায়।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, তীব্র গরমের এই কেন্দ্রস্থলটি এখন উত্তর-পূর্ব ও মধ্য-পশ্চিম অঞ্চল থেকে সরে দক্ষিণ ও মধ্য-আটলান্টিক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ঘন ঘন এমন চরম তাপপ্রবাহের আগমন প্রমাণ করে যে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে মার্কিন আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জনগণকে প্রচুর তরল খাবার গ্রহণ, সরাসরি সূর্যরশ্মি থেকে দূরে থাকা এবং প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার পরামর্শ দিয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট