গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় পৌর শহরের কাঁচাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৪টার দিকে নদী সংলগ্ন খেওয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি ডাঙায় তুলে আনে।

উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। মরদেহটিতে পচন ধরে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের দৃশ্যমান অবস্থা দেখে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, নিহতের পরিচয় উদ্ঘাটনে পার্শ্ববর্তী থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট