২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে সারা দেশে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ৯৪৫টি শিশু।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসে মৃত্যু হয়েছে মোট ৬০৫টি শিশুর। আর ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম আক্রান্ত প্রমাণিত হওয়ার পর আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ গত সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৬৯৮টি শিশু মারা গেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত নতুন রোগীর সংখ্যা ৮৯৩। এই এক দিনে ৮৬০টি শিশু নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৯০৬টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী, যাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D