সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেটে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা ছিল। তার বয়স ৪ মাস।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৭৭ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে নতুন করে ২৫ জনের শরীরে ল্যাব-নিশ্চিত হাম সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৮০ জন রোগী।

​মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে অদ্যাবধি সিলেট অঞ্চলে মোট ল্যাব-নিশ্চিত হাম রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৮ জনে। জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সুনামগঞ্জে, সেখানে মোট ২১৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া সিলেটে ১৩৭ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ২ জন ল্যাব-নিশ্চিত কেস পাওয়া গেছে।

​আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে যে ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তার মধ্যে সর্বোচ্চ ৩২ জন ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বাকিদের মধ্যে রাগীব রাবেয়া মেডিকেল, মাউন্ট এডোরা, নর্থ ইস্ট হাসপাতাল এবং প্রাইভেট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী ভর্তি করা হয়েছে।

​বর্তমানে সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৫৮ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ ক্রমেই বাড়ছে। এর মধ্যে সর্বোচ্চ ৯০ জন চিকিৎসাধীন আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭১ জন আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট ও রাগীব রাবেয়া হাসপাতালে ১০ জন করে এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন রোগী ভর্তি আছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট