আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, বিশেষ করে রংপুর অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে দক্ষিণ সালমারা মানকাচার এলাকায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এটি অগভীর ধরনের ভূমিকম্প ছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় বেশি অনুভূত হয়।

ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হওয়া স্বাভাবিক ঘটনা। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এরআগে গত ২১ এপ্রিল সকাল প্রায় সাড়ে ৬টার দিকে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প, যা ঘুম ভাঙিয়ে দেয় অনেক মানুষের।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের থৌবাল শহর থেকে প্রায় ৫৯ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬৬ দশমিক ৫ কিলোমিটার।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট