১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাক্ষরিত ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিলেটে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টা থেকে নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।
কর্মসূচির শুরুতে এই চুক্তির কুপ্রভাব এবং মার্কিন সাম্রাজ্যবাদের ভূমিকার সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে গত ৯ ফেব্রুয়ারি অন্তর্র্বতীকালীন সরকার বিদায়বেলায় মার্কিনিদের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে। এটি মূলত একটি গোলামি চুক্তি।
বক্তারা অবাক বিস্ময় প্রকাশ করে বলেন, সাধারণত বাণিজ্য বা পররাষ্ট্র উপদেষ্টা এ ধরনের চুক্তিতে নেতৃত্ব দেন, কিন্তু এই চুক্তিতে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা, যিনি বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার বাণিজ্য ঘাটতি দূর করার অজুহাতে বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত নানান অসম শর্ত চাপিয়ে দিয়েছে।
গণস্বাক্ষর চলাকালীন জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, উদীচীর সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চা-শ্রমিক ট্রেইড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মনীষা ওয়াহিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল।
সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন কর্মসূচির শেষ পর্যায়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি এই চুক্তি বাতিল না করে, তবে জনগণ তা বাতিল করার দায়িত্ব কাঁধে তুলে নেবে। এই চুক্তির ফলে জনজীবনে যে বিপর্যয় নেমে আসবে, তা প্রতিহত করতে কমিউনিস্ট পার্টি রাজপথে থাকবে।
চৌহাট্টা পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর প্রদান করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D