১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের অভিযোগে চার নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা।
গত সোমবার (৬ এপ্রিল) দুপুরে ডিবির হাওড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বিজিবি দুই নারীকে আটক করে।
আটককৃতরা হলেন—খুলনা জেলার তেরোখাদা উপজেলার খোলা নয়া বারোসাত গ্রামের মোসা. খাদিজা আক্তার (৩৭) এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তালবেরি কুমরী গ্রামের মোসা. সুনিয়া আক্তার (৩২)। বিজিবি জানায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে ঘিলাতৈল সড়কের গৌরিশঙ্কর মসজিদের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা আরও দুই নারীকে আটক করে। আটককৃতরা হলেন—নড়াইল জেলার কালিয়া উপজেলার মাদারপাশা গ্রামের মোছা. নিলোফা (৪০) এবং মোসা. আংগুরা আক্তার (৩৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের কথা স্বীকার করেন।
পরে স্থানীয়রা তাদের ১৯ বিজিবি (জৈন্তাপুর বিওপি)-এর সদস্যদের কাছে হস্তান্তর করে।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, মানব পাচার ও অবৈধ পারাপার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটককৃতদের কাছে কোনো বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি।
পরে আটক চার নারীকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক চার নারীকে যথাযথ পুলিশ পাহারায় মঙ্গলবার সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D