সুনামগঞ্জে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

সুনামগঞ্জে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষতি

সুনামগঞ্জ পৌর শহরের ডিএস রোড ও ট্রাফিক পয়েন্ট এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে পুড়ে ছাই হয়ে গেছে হক সুপার মার্কেটসহ আশপাশের অন্তত ৮টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় জনতার প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জানা যায়, রোববার রাত ১১টার দিকে হক সুপার মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ২ ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে হক সুপার মার্কেটের ৭-৮টি দোকানসহ ট্রাফিক পয়েন্ট এলাকার আরও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আগুনে ৭-৮টি দোকানঘর পুড়ে গেছে। বাণিজ্যিক এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কেটটি পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার মালামাল ও স্থাপনা ছাই হয়ে গেছে। আমরা আগুনের সূত্রপাত ও কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।