২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ভূমি অফিসের ভেতরে দরজা বন্ধ করে তহশিলদার ও অফিস সহায়কের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) দেলোয়ার হোসেনের কক্ষে দরজা বন্ধ করে তিনি ও অফিস সহায়ক আয়াত উদ্দিন একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্ষের দরজা বন্ধ রেখে দুজন একে অপরের কলার ধরে কিল-ঘুষি মারছেন। এ সময় বাইরে অবস্থানরত সেবাগ্রহীতারা দরজা খুলতে অনুরোধ জানান। পরে দরজা খুললে এক যুবক ভেতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অফিস সহায়ককে বাইরে নিয়ে যান।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয়দের একাংশের দাবি, অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। আবার কেউ কেউ অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট অফিসে সেবা পেতে ঘুষ দিতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে তহশিলদার দেলোয়ার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে অফিস সহায়ক আয়াত উদ্দিন দাবি করেন, হাজিরা খাতা চাওয়াকে কেন্দ্র করে তহশিলদার তার ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও শারীরিকভাবে আক্রমণ করেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, “ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D