মৌলভীবাজারে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও বিক্ষোভ

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

মৌলভীবাজারে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও বিক্ষোভ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে চা শ্রমিকদের মাঝে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস (১৪), শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, বৃহস্পতিবার রাতে মাথাব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ঐশীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাগান এলাকায় চা শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে শতাধিক শ্রমিক হাসপাতালে গিয়ে চিকিৎসক ও স্টাফদের ঘেরাও করে এবং ফুলের টবসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতালের ইনচার্জ আনোয়ারুল ইসলামকে নিরাপত্তার স্বার্থে পুলিশি হেফাজতে নেয়া হয়।

স্থানীয় বাসিন্দা মোহন রবিদাস অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেন, কিন্তু রোগীর অবস্থার অবনতি হলেও তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়নি। তিনি চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

তবে শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক মো. জাকির হোসেন দাবি করেন, এক মাস আগে একই রোগীকে হাসপাতালে আনা হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছিল। সর্বশেষ অসুস্থ অবস্থায়ও উন্নত চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছিল, তবে অভিভাবকরা স্থানীয়ভাবেই চিকিৎসা নিতে আগ্রহী ছিলেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।