হবিগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬

হবিগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

হবিগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি জিরা, অবৈধ ঔষধ ও নিম্নমানের কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। গত ২৪ ঘন্টায় সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ হরিণছড়া বিওপির একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাককে থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের কসমেটিকস জব্দ করা হয়।

অন্যদিকে, বিজিবির আরেকটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। সেখানে একটি মিনি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করে কীটনাশক ও সারের বস্তার আড়ালে লুকানো বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক ও চেতনানাশক ঔষধ এবং অবৈধ রং ফর্সাকারী কসমেটিকস উদ্ধার করা হয়।

এছাড়া একই এলাকায় পরিচালিত আরও একটি অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল এবং ব্যবহৃত যানবাহনের সম্মিলিত মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট