সুনামগঞ্জে শিমুল বাগান ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণের, আহত দুই বন্ধু

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬

সুনামগঞ্জে শিমুল বাগান ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণের, আহত দুই বন্ধু

সুনামগঞ্জে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাফিকুল ইসলাম শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাুক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাফিকুল ইসলাম ও তার দুই বন্ধুকে নিয়ে শান্তিগঞ্জের নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায় এবং সাফিকুলের হাড় ভেঙে গাছের ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এবং তার সঙ্গে থাকা দুই বন্ধুর মধ্যে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এবং গুলজার আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মধ্যে হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আরেকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ বলেন, গাগলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট