সিলেটে পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিলো ২ আসামী

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

সিলেটে পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিলো ২ আসামী

সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানার পুলিশ অভিযান পরিচালনার সময় ২৯৭ পিচ ইয়াবা উদ্ধার করা দুই আসামীকে নিয়ে যাওয়ার সময় কিছু ব্যক্তি পুলিশের উপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২টি মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যে ৬টার দিকে এসআই (নিরস্ত্র) মো. আলিফ সঙ্গীয় ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন দলইপাড়া সাকিনস্থ উলনার মুখ আহাদের দোকানের সামনে একটি ডাবল কেবিন পিকআপ গাড়ী থামিয়ে তল্লাশি করে ২৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার মো. ছামছু মিয়ার পুত্র শহিদুল ইসলাম (৪৫) এবং আলীবাগ এলাকার জাবেদ আহমদ (২৬) নামে ২ জনকে আটক করে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেফতারের পর আসামীদ্বয়কে থানায় নিয়ে যাওয়ার পথে তাদের ডাক চিৎকারে স্থানীয় আব্দুল আহাদ কুটন (৪০), এনাম (৩৫), সাকিব (২৪), রেবুল (২৭), রোমান আহমদ (২৬), রাজিব আহমদ (৩৫) সহ অজ্ঞাতনামা ৩০–৩৫ জনের একদল জনতা সংঘবদ্ধভাবে হামলা চালায়। তারা ওই ২ জনকে গ্রেফতারে বাধা প্রদান করে এবং হামলা চালিয়ে আটককৃত দুই আসামীকে গাড়ীসহ পালিয়ে যেতে সাহায্য করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম জানান, “আসামীদের আটক করে নিয়ে আসার সময় বেশ কয়েকজন হট্টগোল সৃষ্টি করে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করে। পুলিশ ইতোমধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।”

তিনি আরো জানান, ‍‍হামলায় কোন পুলিশ সদস্য আহত হননি। ইয়াবা উদ্ধার এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট