১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তরবরগ আলহানি কেন্দ্রীয় জামে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।বিদ্যমান আলহানি নাম পরিবর্তন করে একটি পক্ষ মসজিদটিকে সোনার মদীনা মসজিদ হিসাবে নামকরণ করতে চাইলে উত্তেজনা তৈরী হয়।
আদেশে বলা হয়, মসজিদের নাম পরিবর্তন নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় যে কোনো সময় বড় ধরনের দাঙ্গা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। এ কারণে জনশৃঙ্খলা রক্ষায় উত্তরবরগ আলহানি কেন্দ্রীয় জামে মসজিদের চতুর্সীমার ২০০ গজ এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ আদেশ অনুযায়ী, উক্ত এলাকায় পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, অস্ত্র বহনসহ যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মসজিদের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে তালাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এলাকাবাসীকে অবহিত করতে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এলাকায় মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ খান জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D