সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

সিলেট নগরীতে এক ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে নগদ প্রায় দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী অপু কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন শেখপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মার্চ দিবাগত রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী তাকে ও তার চাচাতো ভাইকে ঘিরে ধরে। হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা তাদের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে।

প্রাণভয়ে ব্যবসায়ী নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইকারীদের হাতে তুলে দেন। প্রায় পাঁচ মিনিটের মধ্যে ছিনতাইকারীরা নগদ প্রায় দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশীদ জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি পুলিশ নিজ উদ্যোগেও একটি জিডি করেছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর নয়দিন পর ৫ মার্চ সকালে সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কেও আরেক নারী ছিনতাইয়ের শিকার হন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট