গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্ম থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্ম থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেপুর ৩য় খণ্ড গ্রামে একটি পোল্ট্রি ফার্ম থেকে মুখ বাঁধা অবস্থায় গলাকাটা এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুমন মিয়া (১৭) ওই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রির কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে ফতেপুর ৩য় খণ্ড গ্রামের একটি পোল্ট্রি ফার্মে মরদেহটি দেখতে পান ফার্মের মালিক মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাক আহমদ। পরে তিনি বিষয়টি ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনকে মোবাইল ফোনে জানান।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। এরই মধ্যে উৎসুক জনতা মরদেহের মুখের বাঁধন খুলে সুমনের পরিচয় শনাক্ত করেন।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, নিহত সুমন অত্যন্ত সরল-সহজ স্বভাবের ছিল এবং পেশায় কাঠমিস্ত্রি হিসেবে কাজ করত।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা মরদেহ পাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করা হয়েছে। পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট