১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে সিএনজিচালিত অটোরিকশার চালক সিএনজির মালিককে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
নিহত রিপন মিয়া (২৯) উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশা চালক সাকিব আহমদকে (২৩) আটক করেছে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, গত সোমবার (৯ মার্চ) রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও ছিল বন্ধ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মঙ্গলবার রাতে টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায় রেললাইনের পাশে রিপন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় লোকজন জানান, আলীনগর গ্রামের জমসেদ আলীর ছেলে সাকিব ছিলেন রিপনের সিএনজিচালিত অটোরিকশার চালক। সেই সুবাদে নিহত রিপনের বাড়িতে আসা যাওয়া ছিল। নিহত রিপন মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সাকিব। বিষয়টি জানাজানি হলে নিহত রিপন ও সাকিবের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। রিপনের স্ত্রী ও ঘাতক সাকিবের পরকীয়ার প্রেমের ভিডিও ক্লিপ রয়েছে বলেও স্থানীয় লোকজন জানান।
ঘটনার জের ধরে সাকিব পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে নিয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধারকালে সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যাতে তাকে কেউ সন্দেহ না করে।
কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। ঘাতক সাকিব আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D