১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাতে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাবনা পয়েন্টে নিয়মিত দায়িত্ব পালন করছিল দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল। এসময় অতর্কিতভাবে সংঘবদ্ধ একদল যুবক পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের কাজে বাধা দেয় এবং দায়িত্বরত এক এসআইকে লক্ষ্য করে আক্রমণ করে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বুধবার রাতে মূলত এক পিকআপ ভ্যান চালকের বেপরোয়া গতি এবং পরবর্তীতে জনরোষ থেকে সৃষ্ট বিশৃঙ্খলার জেরে পুলিশের এক কর্মকর্তা হামলার শিকার হন। ঘটনার শুরু হয় মদিনা মার্কেট এলাকা থেকে। রাতে একটি পিকআপ ভ্যান অত্যন্ত বেপরোয়া গতিতে মদিনা মার্কেট থেকে সুবিদবাজারের দিকে আসছিল। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সন্তোষ গাড়িটিকে থামার সংকেত দিলেও চালক তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সার্জেন্ট সন্তোষ একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পিকআপটির পিছু নেন। পিকআপটি সুবিদবাজার, লালাবাজার, জিতু মিয়া পয়েন্ট এবং সেলফি ব্রিজ হয়ে অত্যন্ত বিপদজনকভাবে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে বাবনা পয়েন্টে গিয়ে পিকআপটি একটি সিএনজিকে ধাক্কা দিলে স্থানীয় চালকরা গাড়িটিকে থামিয়ে ফেলে। পিকআপটি থামানোর পর স্থানীয়রা ও সিএনজি চালকরা চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে। এসময় সার্জেন্ট সন্তোষ সেখানে পৌঁছে চালক ‘ছিনতাইকারী হতে পারে’ এমন সন্দেহ প্রকাশ করলে উপস্থিত জনতা আরও উত্তেজিত হয়ে চালককে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় চালক মাটিতে পড়ে গেলে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করে। আহত চালকটি সম্ভবত প্রচণ্ড আঘাতের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পুলিশ যখন তাকে উদ্ধার করতে যায়, তখন সে হঠাৎ শোয়া থেকে উঠে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে (এসআই) সজোরে ঘুষি মারে। এরপর সে আবারও অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় এবং বমি করতে থাকে।
হামলাকারী চালককে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক অসুস্থ থাকায় পুলিশ বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে, তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, কোনো ধরনের উসকানি ছাড়াই হঠাৎ করে একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। এতে আমাদের একজন কর্মকর্তা আহত হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D