সিলেটে স্থলবন্দরে জ্বালানি তেল কিনতে গিয়ে ভারতীয় ট্রাক জব্দ

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬

সিলেটে স্থলবন্দরে জ্বালানি তেল কিনতে গিয়ে ভারতীয় ট্রাক জব্দ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দরে ভারতীয় রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টা করার অভিযোগে একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ) এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকচালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও ট্রাকটি এখনো বিজিবির হেফাজতে রয়েছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ট্রাকচালকের নাম শ্রী নিখিল দাস। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত জলধার দাস।

জানা যায়, নিখিল দাসের পাথরবাহী ট্রাক বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধীন শেওলা আইসিপি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে আসে। পাথর আনলোড করার পর ভারতে ফেরার পথে জ্বালানি সংকটে পড়েন তিনি। এ সময় বাংলাদেশে অবস্থিত ‘নাদিয়া স্টোর’ নামের একটি দোকান থেকে ভারতীয় রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন।

সরাইল রিজিয়নের নির্দেশনা ও জোরদার গোয়েন্দা নজরদারির ফলে বিষয়টি দ্রুত শনাক্ত করে ট্রাকটি জব্দ করা সম্ভব হয় বলে জানায় বিজিবি।

৫২ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় জ্বালানি তেলসহ যেকোনো অবৈধ লেনদেন ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা এবং দুই দেশের প্রচলিত নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট