মৌলভীবাজারে ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬

মৌলভীবাজারে ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পর বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল কেনা-বেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহত ছাত্রদল নেতাদের মধ্যে রয়েছেন তৌফিকুর রহমান ফাহিম, আতিকুর রহমান ও হোসাইন আহমদ। তারা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগের আহতদের মধ্যে রয়েছেন রিহান আহমদ, শুভ, সাম্য, রিয়াদ, যুবলীগের সাধারণ সম্পাদক কামাল এবং কলেজ ছাত্রলীগ নেতা ফরহাদ। তারা অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার পর ছাত্রদল নেতাকর্মীরা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের বাড়িতে একাধিকবার হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বড়লেখা থানা-র অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান বলেন, মোটরসাইকেল কেনা-বেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট