২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬
লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (২ মার্চ) বিকেলে সিলেট নগরীর শাহপরান থানাধীন দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির আহমেদ (৩৫) নগরীর ইসলামপুর এলাকার মৃত আ. রউফের ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, আটক মনির আহমেদ ডিএমপি ঢাকার বিমানবন্দর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ (৩০) ফেসবুকে বিদেশে পাঠানোর একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। পরে মনসুর আলী তালুকদার ও মনির আহমেদ নিজেদের এজেন্সি ‘এমটিআর ট্রাভেল এণ্ড ট্যুর’-এর মাধ্যমে লন্ডনে পাঠানোর আশ্বাস দেন। ২৫ লাখ টাকার চুক্তিতে প্রথমে তিন লাখ টাকা এবং ভিসা পাওয়ার পর বাকি টাকা পরিশোধের কথা হয়।
ভুক্তভোগী প্রথমে তিন লাখ টাকা দেন। পরে ভিসা দেওয়ার পর বিভিন্ন সময়ে নগদ ১৬ লাখ এবং ব্যাংক হিসাবে ছয় লাখ টাকা পরিশোধ করেন। গত ২১ ডিসেম্বর ২০২৫ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করেন। ইমিগ্রেশন কাউন্টারে কাগজপত্র যাচাইয়ের সময় কর্মকর্তারা জানান, তার পাসপোর্টে সংযুক্ত ভিসাটি জাল।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে।
এর জের ধরে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনির আহমেদকে আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D