সিলেট থেকে সুনামগঞ্জে মাছ শিকারে গিয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

সিলেট থেকে সুনামগঞ্জে মাছ শিকারে গিয়ে একজনের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শখের বশবর্তী হয়ে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে শাহিন মিয়া (৪২) নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করেছেন। রোববার (১ মার্চ) রাতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিন মিয়া সিলেট সদর উপজেলার মোল্লার গাঁও ইউনিয়নের সদর কলা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) বিকেলে শাহিন মিয়া তার ৫ বন্ধু ও আত্মীয় স্বজনসহ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদীতে পচার বর্শি দিয়ে মাছ ধরতে যান। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা নদীতে মাছ শিকার করেন।

মাছ ধরা শেষে রাত ৯টার দিকে তারা একটি সিএনজি চালিত অটোরিকশা (সিলেট থ-১১-৫৬৪৪) যোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গন্ধবপুর গ্রামের পাশে পৌঁছালে শাহিন মিয়া হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সঙ্গে থাকা সফরসঙ্গীরা তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

শাহিন মিয়ার সঙ্গে ঘটনাকালে ছিলেন তার আত্মীয় ও বন্ধু সমসু মিয়া (৬২), কামরুল ইসলাম (৫৩), রাব্বি ফরাজী (৩২) এবং নুরুল আহমদ (৩৫)। শখের বসে মাছ ধরতে এসে প্রিয়জনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ গণমাধ্যমকে বলেন, “শখের বসে মাছ ধরতে গিয়ে একজন ব্যক্তির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে। স্থানীয় প্রশাসন তাদের মানসিক সমর্থন দিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

নিহতের পরিবার এবং এলাকাবাসী শোকাহত এবং আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে শাহিন মিয়ার আত্মা শান্তি পায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট