১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
সিলেট মহানগরীর একটি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১ মার্চ) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ নির্দেশনা দেন।
ভবনটির অবস্থান নগরীর সিলেট শহরের জিন্দাবাজার এলাকায়। ভবনটির নাম ‘ওভারসিজ সেন্টার’। দীর্ঘদিনের পুরোনো এই ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
রোববার জেলা প্রশাসক সারওয়ার আলম সরেজমিনে পুরো ওভারসিজ সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি ভবনের প্রতিটি দোকানকোটা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তাদের ভবনটি দ্রুত খালি করার বিষয়টি অবহিত করেন এবং নিজেদের মালামাল দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘অনেক আগেই এ ভবনটির মেয়াদ শেষ হয়ে গেছে। এ অবস্থায় আপনাদের অন্তত তিন মাস আগে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা তা মানছেন না। উল্টো রিট করা হয়েছে। এতে কোনো লাভ হবে না, শুধু সময় নষ্ট হবে।’
তিনি আরও বলেন, ‘এই সময় আর নষ্ট করবেন না। রমজানের পরপরই ভবনটি ভাঙা হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। সবাই সহযোগিতা করলে এখানে নতুন ভবন নির্মাণ হবে এবং নতুন ভবনে পুরোনো ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবেন।’
জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, বর্তমানে সিলেটের একজন মানুষ প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে এখন ভবনটি ভাঙলে নতুন ভবন নির্মাণের বিষয়টি আরও সহজ হবে এবং এর সুফল পাবে সিলেটবাসীই।
তিনি জানান, ঈদের পরপরই ভবনটি ভাঙার কাজ শুরু হবে। এর মধ্যে সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে তাদের পণ্য ও মালামাল নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ফেব্রুয়ারি মাসের মধ্যে ভবনটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সে নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় এবার কঠোর অবস্থান নিল জেলা প্রশাসন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D