১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
সৌদি আরব প্রবাসী সামছুল হক তাঁর পৈতৃক কৃষিজমি দখল, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (১ মার্চ) দুপুরে তিনি সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সামছুল হক জানান, তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজান্সী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাওনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। ২০২৩ সালে দেশে অবস্থানকালে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আরশ আলী তাঁর কৃষিজমি বিক্রির প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তাঁর ক্রয়কৃত ১৫ শতক জমির মধ্যে রাস্তা বাবদ ২ শতক বাদ দিয়ে বর্তমানে ১৩ শতক জমি রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয় এবং সালিশকারীরা কাগজপত্র পর্যালোচনা করে জমির সীমানা বহাল রাখার সিদ্ধান্ত দেন। পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালতও তাঁর পক্ষে আদেশ দেন বলে দাবি করেন সামছুল হক।
তবে আদালতের আদেশের পরও প্রতিপক্ষ ক্ষমতার প্রভাব খাটিয়ে হয়রানি অব্যাহত রাখেন বলে অভিযোগ তাঁর। তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন এবং সম্প্রতি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি বিচারাধীন জমি দখলের চেষ্টাও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সামছুল হক জানান, এ বিষয়ে তিনি বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে তিনি হত্যার হুমকির অডিও রেকর্ড, জমি দখলের স্থিরচিত্র এবং আদালতের আদেশের অনুলিপি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D