হবিগঞ্জে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

হবিগঞ্জে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট

হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এডভোকেট শ্যামল কান্তি দাস এর বাসায় ভোররাত ৪টার দিকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে নেয়। ডাকাতরা অন্য কোনো মালামাল নিতে পারেনি।

ভুক্তভোগী এডভোকেট শ্যামল কান্তি দাস বলেন, “ভোরের অন্ধকারে হঠাৎ করে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা ঘরে তাণ্ডব চালায়। ঘটনাস্থল থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। আমার পরিবারের কেউ আহত হয়নি, তবে মানসিকভাবে আমরা সবাই দুশ্চিন্তায় আছি।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে শুক্রবার সকালেই সদর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দোলোয়ার হোসেন বলেন, “পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন, যাতে দোষীরা দ্রুত গ্রেপ্তার হয়। এমপি জি কে গউছ বলেন, “নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট