সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এএসআই মো. আতিকুর রহমান জৈন্তাপুর থানায় কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেলযোগে নিয়মিত ডিউটির উদ্দেশ্যে বের হয়েছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মহাসড়কের দরবস্ত টেংরা এলাকায় দায়িত্ব পালনকালে তামাবিলগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন এএসআই আতিকুর রহমান। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত এএসআই মো. আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার চর বিশুদিয়া গ্রামের বাসিন্দা। তবে তার কর্মস্থল ছিল জৈন্তাপুর থানা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট