জগন্নাথপুরে রান্নাঘরের আগুনে ৫টি ঘরবাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

জগন্নাথপুরে রান্নাঘরের আগুনে ৫টি ঘরবাড়ি পুড়ে ছাই

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রান্নাঘরের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের আরজু মিয়ার বসতবাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আজিজ মিয়া ও কদরিছ মিয়াসহ আরও চারটি পরিবারের ঘরে। মুহূর্তেই আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে।

খবর পেয়ে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পাঁচটি পরিবারের টিনশেড ঘর, আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।

আরজু মিয়ার ছেলে শহিদ মিয়া বলেন, ‘আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) বিন আমিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সংযোগ চালু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট