সিলেটে ক্যান্সার ঝুঁকির প্রসাধনী জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সিলেটে ক্যান্সার ঝুঁকির প্রসাধনী জব্দ, পুড়িয়ে ধ্বংস

সিলেটে ক্যান্সারের ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কসমেটিক্স সামগ্রী জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর লালদিঘীরপার হকার্স মার্কেটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে অবৈধভাবে আমদানিকৃত বিভিন্ন ভারতীয় কসমেটিক্সও উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—লালদিঘীরপার হকার্স মার্কেটের বি ব্লক, ১৭ নম্বর গলির ৭৫৮ নম্বর দোকান ‘রুদ্রাক্ষি এন্টারপ্রাইজ’-এর গুদামে বিপুল পরিমাণ বিক্রয়নিষিদ্ধ ও ভেজাল কসমেটিক্স মজুত রয়েছে, যা মানবদেহে স্কিন ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি জানান, পরে র‌্যাব-৯–এর সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয় এবং দোকানের এক কর্মচারীকে আটক করা হয়। ভোক্তা অধিকার আইনে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় অবৈধভাবে আমদানিকৃত নকল অলিভ অয়েলসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিক্স সামগ্রীও জব্দ করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট