গোয়াইনঘাটে গোপন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় যুবক উদ্ধার

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

গোয়াইনঘাটে গোপন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় যুবক উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি খালি বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। তার শরীরের গোপন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ছিল বলে জানা গেছে।

উদ্ধার হওয়া মনজুর আহমদ (২৭) উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর-পশ্চিম পাড়ার (২ নম্বর ওয়ার্ড) বাসিন্দা। তিনি স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের চাচাতো ভাই ও মনির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর গ্রামের একটি খালি বাড়িতে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আত্মক্ষতির চেষ্টা নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার ফল—তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

খবর পেয়ে সালুটিকর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ চলছে।

ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট