পরিবেশ রক্ষার কার্যকর উপায় ব্যাপক সবুজায়ন : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

পরিবেশ রক্ষার কার্যকর উপায় ব্যাপক সবুজায়ন : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গ্লোবাল ওয়ার্মিং এখন আর দূরের কোনো বিষয় নয়, আমরা সরাসরি এর প্রভাব অনুভব করছি। তাপমাত্রা বাড়ছে, ঋতুচক্র বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো ব্যাপক সবুজায়ন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী জুন মাসের মধ্যে সিলেটে ২০ লক্ষ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আদর্শ হিসাবে যে পরিমাণ বনায়ন থাকা দরকার, বাস্তবে আমরা তার চেয়ে অনেক পিছিয়ে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহনীয় ও শীতল পরিবেশ নিশ্চিত করতে এখনই বড় পরিসরে গাছ লাগানোর বিকল্প নেই। গাছ শুধু তাপমাত্রা কমায় না, বায়ুদূষণ কমায়, কার্বন শোষণ করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট