২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬
সিলেটবাসীর কাছে তাঁরা এখন ‘দুই রত্ন’। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, একই সঙ্গে প্রথমবারেই মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। সিলেট-১ আসন থেকে খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথমবার একসঙ্গে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন দুই মন্ত্রী। জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা দেশের পরিস্থিতি ও সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট, ১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মহান আল্লাহ তায়ালার কাছে তিনি শুকরিয়া আদায় করছেন যে জনগণ তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করতে পেরেছে। একই সঙ্গে জনগণের দেওয়া এই দায়িত্ব যে কত বড়, তা তিনি ও অপর মন্ত্রী প্রতিনিয়ত অনুভব করছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আনন্দ বা উল্লাসের সুযোগ নেই। সামনে রয়েছে বহু কঠিন চ্যালেঞ্জ, রাষ্ট্রীয় নানা সমস্যা ছাড়াও সিলেটের দীর্ঘদিনের পুঞ্জিভূত সংকট মোকাবিলা করতে হবে। জলাবদ্ধতা, কর্মসংস্থান সংকট, মাদক, অনলাইন জুয়া এবং পর্যটনের অবকাঠামো উন্নয়নসহ নানা বিষয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী দিনে তাঁদের কাজের মধ্য দিয়েই জনগণ সেই প্রচেষ্টার প্রতিফলন দেখতে পাবেন।
দেশের বাণিজ্য খাতের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, গত দেড় দশকে বাণিজ্যের কাঠামো ও ইকোসিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাংকিং ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে। বিনিয়োগের ঘাটতির কারণে অর্থনীতিতে গতি সঞ্চারের যে স্বাভাবিক উদ্দীপনা থাকে, তা অনুপস্থিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রতি বছর প্রায় ২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে, এত বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে বিপুল অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। কিন্তু প্রায় এক যুগ ধরে বিনিয়োগ স্থবির রয়েছে এবং গত তিন বছরে তা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে চা বাগানের শ্রমিকদের কর্মসংস্থান ও মজুরি প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সিলেট, ৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন।
সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। শিগগির আপনারা জানতে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D