সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১২২৫ বোতল মদ ও একটি নোহা গাড়িসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসআই কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী চিকাডহর এলাকায় কালো রঙের একটি এক্স নোহা গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত সেখান থেকে সরে গিয়ে কৌশলে নভাগী গ্রামে প্রবেশ করে। পরে পুলিশের নজরদারি জোরদার করে নভাগী গ্রাম থেকে গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়ি তল্লাশি করে ১২২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা (৩৪)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট