কুলাউড়ায় বিয়ের কয়েক ঘণ্টা আগে কাতার প্রবাসী যুবকের মৃত্যু

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

কুলাউড়ায় বিয়ের কয়েক ঘণ্টা আগে কাতার প্রবাসী যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিয়ে আর করা হয়ে উঠলো না কাতার প্রবাসীর। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। নতুন জীবন শুরু করার কয়েক ঘণ্টা আগে না ফেরার দেশে চলে গেলেন কাতার প্রবাসী যুবক মো. উস্তার মিয়া (৩৫)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিয়ের দিনে তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত উস্তার মিয়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন কাতারে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি বিয়ে করার উদ্দেশে দেশে ফিরেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ছিল উস্তার মিয়ার বিয়ের নির্ধারিত দিন। বাড়িতে চলছিল আনন্দ-উৎসব আর বিয়ের প্রস্তুতি।

কিন্তু রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। পথেই তার মৃত্যু হয়।
সোমবার বেলা ১১টায় পারিবারিক গোরস্থানের সামনে উস্তার মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শোকাতুর স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

বিয়ের দিনে বরের সাজে কনের বাড়িতে যাওয়ার কথা থাকলেও উস্তার মিয়াকে শেষ বিদায় জানাতে হলো সাদা কাফনে।

তার এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও নানাভাবে এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয়রা।