কমলগঞ্জের যোগীবিলে মহাশিবরাত্রী পালিত

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

কমলগঞ্জের যোগীবিলে মহাশিবরাত্রী পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে দিয়ে মহান শিবচতুর্দশী উপলক্ষে মহাশিবরাত্রি ব্রত উদযাপন করা হয়েছে। উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল শৈব যোগী সংঘের আয়োজন ২দিন ব্যাপি নানা ধর্মীয় কর্মসুচী গ্রহণ করা হয়। এ উপলক্ষে রোববার “যোগীকুঞ্জ শিবাঙ্গনে” পরমেশ্বর শিবের বৈদিক প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। নানা আয়োজনের পর সোমবার রাতে অনুষ্ঠানের সমাপ্তি হওয়ার কথা।

শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আচার্য ডা. শ্রীনিবাস দেবনাথ এর মাধ্যমে সমবেত প্রার্থনা শুরু হয়। প্রার্থনা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শত শত ভক্তবৃন্দের ”হর হর মহাদেব” ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পরিবেশ। পরমেশ্বর শিবের দিব্য নাম কীর্তনের মাধ্যমে শোভাযাত্রাটি প্রায় ৫ কিলোমিটার আশপাশের অঞ্চল প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, মহাশিবরাত্রি সনাতন বৈদিক ধর্মের অন্যতম আধ্যাত্মিক অনুষ্ঠান। কেননা, বেদ-বেদান্তে পরমেশ্বর ভগবান শিব সর্বোচ্চ সত্বা হিসেবে বর্ণিত হয়েছেন। তিনি অদ্বিতীয় পরম সত্বা। সেজন্য বেদান্তে বলা হয়েছে- “শিব এব কেবলো।” শিবরাত্রি মহাব্রত পালন করলে পরমপ্রভু সদাশিব প্রসন্ন হন।

শৈব যোগী সংঘ ১৭ বছর ধরে এই মহাব্রত পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন। বিশ্বজগতের কল্যাণার্থে তথা আলোকিত আধ্যাত্মিক জীবন গঠনের উদ্দেশ্যেই শিবরাত্রি মহাব্রত উদযাপন করা হয়।

এদিকে মহাশিবরাত্রি উপলক্ষে শৈব যোগী সংঘ লক্ষীপুর শাখা ও সিদ্ধেশ্বরপুর শাখা যথাযথ নিয়মে মহাশিবরাত্রি পালন করছে বলে জানা গেছে।