২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
সিলেট নগরীর তারাপুর চা বাগানের একটি অস্থায়ী মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারী) ভোরের দিকে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। মন্দিরটি অস্থায়ীভাবে তৈরী এবং এটি নিয়ে পূর্ব বিরোধ ছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তবে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এদিকে মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি জানান, ভোরে কে বা কারা মন্দিরে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মন্দিরের ভেতরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশের একটি দোকানের লোক প্রথম ধোঁয়া দেখতে পেয়ে তাকে খবর দেন। এসে দেখেন পর্দাসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।ম
তিনি বলেন, আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি, শ্রীমদ্ভগবদগীতা এবং পূজার কাপড় ও পর্দা পুড়ে যায়। একটি পঞ্চতত্ত্বের ছবি তিনি কষ্ট করে উদ্ধার করতে পেরেছেন বলেও জানান। এ ঘটনায় কারও সঙ্গে কোনো বিরোধ বা ঝগড়া ছিল না বলেও দাবি করেন তিনি।
তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় বলেন, প্রায় তিন বছর ধরে আমরা এখানে পূজার কার্যক্রম পরিচালনা করে আসছি। হঠাৎ করে কে বা কারা আগুন দিল, কিছুই বুঝতে পারছি না। এতে আমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিকালে তারাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মুদি বলেন, মন্দিরে আগুনের ঘটনায় মামলা করতে থানায় যাচ্ছি। বাগান ও চা শ্রমিকদের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, চা বাগান এলাকায় মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে। মন্দিরটি অস্থায়ী এবং এর জায়গা নিয়ে বিরোধও রয়েছে। এরপরও একটি ধর্মীয় উপাসানলয়ে আগুনের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। সেটি খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে। পুলিশের একটি টীম মন্দিরটি পরিদর্শন করেছেন। মন্দিরে সিসি ক্যামেরা থাকলে সুবিধা হতো। পূর্ব বিরোধের বিষয়টি মাথায় নিয়ে পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D