সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি গ্রামে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আঞ্জুর মিয়া (৪৫) একই গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিয়ের দাওয়াত দেওয়া–না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত ছাদ্দিক মিয়ার ছেলে সৌমিকের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়েকে ঘিরে আজিজুল হকের নিকটাত্মীয় আনহার মিয়ার লোকজনের আপত্তি ছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর রেশ ধরে একপক্ষকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানা গেছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই আঞ্জুর মিয়ার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট