১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজের দুই দিন পর সীমান্ত এলাকার একটি ঝোপ থেকে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবার বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কামলাঘাট সীমান্ত এলাকার ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম ইমরান আহমদ (২৪)। তিনি উপজেলার লামনীগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইমরান আহমদ কিরগিজস্তান প্রবাসী ছিলেন। গত ডিসেম্বর মাসে তিনি দেশে ফেরেন। চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। গত ১ ফেব্রুয়ারী রোববার সকালে সিলেট শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চলছিল।
মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি সীমান্ত এলাকার ঝোপে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
নিহতের পরিবার দাবি করেছে, ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা নজরুল ইসলাম আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলার পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এর আগে একই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে আগুনে পোড়া অবস্থায় এক যুক্তরাজ্য প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বুরহান উদ্দিন (৫৯) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। তিনি সিলেট নগরের আম্বরখানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ২৯ জানুয়ারি দেশে ফেরার পর ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ওই ঘটনায় এখনো মামলা হয়নি, তবে পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাজ্য থেকে স্বজনরা দেশে ফিরলে দাফন সম্পন্ন করা হবে।
সিলেটে স্বল্প সময়ের ব্যবধানে দুইজন প্রবাসীর রহস্যজনক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D