১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭
রাজনৈতিক পরিবর্তন আনয়নের মাধ্যমে বিএনপি ভবিষ্যতে দেশের জন্য কি করতে চায়। জনগণ তাদের কাছ থেকে কি উপকার পাবে। তারা জনগণের জন্যে কি করতে পারবে তা স্বচ্ছভাবে দেশের জনগণের কাছে তুলে ধরতে হবে। সেই সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার না করার বিষয়েও ঘোষণা থাকতে হবে। তবে আশা করা যায়- রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসতে পারে।
এমন বক্তব্য নিয়েই দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিলেন গণ-স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিভিন্ন সভা-সমাবেশে, সেমিনার ও মানববন্ধনে গিয়েও তিনি এ কথা বারবার তুলে ধরেছেন। এমন কী বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেও তিনি এসব কথা বলেছেন।
অবশেষে জাফরুল্লাহ চৌধুরীর কথা রাখলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলনে বেগম জিয়া ‘ভিশন ২০৩০’ নামে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা উপস্থাপন করেছেন। ওই অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেও উপস্থিত থেকে সরাসরি খালেদা জিয়ার পুরো বক্তব্য শুনেছেন।
বেগম খালেদা জিয়ার উপস্থাপিত ‘ভিশন ২০৩০’ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দীর্ঘদিন পরে হলেও বিএনপি জাতির সামনে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে একটি ডকুমেন্টারি রূপরেখা উপস্থাপন করতে পেরেছে। এটা একটা ভাল কাজ হয়েছে। কিন্তু এটি অসম্পূর্ণ রূপরেখা বলে মনে করি। কেননা, এর মধ্যে অনেক কিছুই বাদ থেকে গেছে। এরপরও এটা মন্দের ভাল।গণ-স্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই ভিশনে অনেক অসম্পূর্ণতা থাকলেও রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করতে পেরেছে বিএনপি। তারা গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতির সামনে একটা প্রত্যাশার সৃষ্টি করতে পেরেছে। এটা একটা রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে আমি দীর্ঘদিন ধরেই কথা বলে আসছিলাম। অবশেষে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে।
জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, ‘ভিশন ২০৩০’তে যতই সীমাবদ্ধতা থাক না কেন, এরপরও এটা বাংলাদেশের রাজনীতিতে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। যা অতীতে কখনো এমনটি হয়নি। এছাড়া বিএনপির জন্য একটা বড় সুখবর হলো- খালেদা জিয়া বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। এক গ্লাস পানি না খেয়েও একটানা দুই ঘন্টা বক্তব্য রাখতে পেরেছেন। এটা দলের জন্য খুবই ভালো একটা খবর, কেননা, তিনি আরো সক্রিয়ভাবে রাজনীতি করতে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D