হংকংয়ে ৭টি বহুতল ভবনে আগুন, নিহত ১৩

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

হংকংয়ে ৭টি বহুতল ভবনে আগুন, নিহত ১৩

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চীনের বাণিজ্যিক কেন্দ্রের এই অগ্নিকাণ্ড বহু হতাহতের জন্ম দিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সময় রাত সোয়া ৮টায় হংকংয়ের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন এক সংবাদ সম্মেলনে হতাহতের এই তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস বিভাগ অগ্নিকাণ্ডস্থল থেকে মোট ২৮ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ৯ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া আরও ছয়জনের মধ্যে চারজন পরে মারা গেছেন।

তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাইরে লাগানো বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা দ্রুত ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে একাধিক টাওয়ারের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এই ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

অগ্নিনির্বাপণ কাজ শুরু করায় পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বিভাগ ভবনটির বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছে। ফায়ার সার্ভিস বিভাগ জনসাধারণকে অগ্নিকাণ্ড-কবলিত এলাকায় যাতায়াত না করার পরামর্শও দিয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট