শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাহাড়া গ্রামের হাওড়ে এই ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সুব্রত রায় (২৪) বাহাড়া গ্রামের (মধ্যের হাটি) মৃত সজল রায়ের ছেলে।

জানা গেছে বীজতলার জমিতে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি দিতে বিদ্যুতের সংযোগ স্থাপনের সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

সুব্রত রায়ের চাচাতো ভাই সুমন রায় জানান, বাড়ির পাশে জালা ক্ষেতে (ধানের বীজতলা) পানি দিতে বৈদ্যুতিক পাম্পের লাইন নিয়ে যায়। পাম্পের সাথে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের শক খায়। তার এক ছোটভাই বাড়ি থেকে এসে দেখে সুব্রত মাটিতে পড়ে আছে।

এসময় তার ছোটভাইয়ের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিক তারা তাকে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক সুব্রত রায়কে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ওমর ফারুক বলেন, ‘মেডিকেলে আনার পর আমরা বিভিন্ন ভাবে চেক করে দেখি কোন সেন্স নাই। অর্থাৎ মেডিকেলে আসার পূর্বেই সে মারা যায়।’