শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও আধুনিক নগরায়ণ নিশ্চিত করতে চাই : এম এ মালিক

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও আধুনিক নগরায়ণ নিশ্চিত করতে চাই : এম এ মালিক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনে দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, ‘তৃণমূল নেতাকর্মীরাই আমার মূল শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্ববান করেছে। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমি এ অঞ্চলের শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও আধুনিক নগরায়ণ নিশ্চিত করতে চাই।


শনিবার (২২ নভেম্বর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) মানুষের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়ে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, ‘এলাকার সমস্যা ও মানুষের কষ্ট আমি জানি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এসব সমস্যা সমাধানে আমি আমার সমস্ত শক্তি ব্যয় করব। আজকের এই জনসমুদ্র ও জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, পরিবর্তনের পক্ষে মানুষ বিএনপি মনোনীত প্রার্থীর পাশেই রয়েছে।

সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এই জনসভায় স্থানীয় নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ অংশ নেন। দুপুরের মধ্যেই পুরো চন্ডিপুল এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের স্লোগান ও আনন্দমুখর পরিবেশে পুরো এলাকা সরব হয়ে ওঠে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, উপদেষ্টা অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, সহ-সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

সভায় বক্তারা বলেন, সিলেট-৩ আসনের দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন, আর সেই নেতৃত্ব দেওয়ার সামর্থ্য একমাত্র মোহাম্মদ আব্দুল মালিকেরই রয়েছে। তারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জনসভা শেষে প্রার্থীর সমর্থনে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলে সিলেট জেলা, মহানগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।