২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ভারতের মেঘালয়ের খাসিয়া সম্প্রদায়ের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে।
কানাইঘাট থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) দূর্গা কুমার জানান, শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে লোভাছড়া সীমান্ত এলাকার ভেলুকমারা গ্রামের পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রোববার ভোর ৪টার দিকে থানায় নিয়ে আসে।
নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।
পরিবারের লোকজন জানান, শনিবার সকালে কাজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। এরপর থেকে তিনি আর ফেরেননি। রাত ১১টার দিকে লোভাছড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা সীমান্ত এলাকায় তার গুলিবিদ্ধ দেহ দেখতে পেয়ে পুলিশকে জানান।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, জামাল উদ্দিন ভারতের অভ্যন্তরে সুপারি বাগানে গিয়েছিলেন। সেখানে ভারতীয় খাসিয়ারা গুলি ছোড়লে তিনি আহত হন। আহতাবস্থায় তার সঙ্গীয়রা তাকে উদ্ধার করে সীমান্ত পার করে নিয়ে আসে।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে আজ (রোববার) ভোর রাতে থানায় নিয়ে আসে। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, এই সীমান্ত এলাকায় প্রায়ই খাসিয়ার গুলিতে বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটে, যা নিয়ে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D