মৌলভীবাজারে শিশু পুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

মৌলভীবাজারে শিশু পুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

মৌলভীবাজারে সৎবাবার মারধরে রাকিব (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি সৎবাবা আবাস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর থানার একটি বিশেষ দল সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামি প্রায়ই ভুক্তভোগীর মায়ের কাছে টাকা-পয়সা চাইত এবং টাকা না দিলে শিশুকে মেরে ফেলার হুমকি দিত। গত ১৭ নভেম্বর রাতে শিশুর মা আকলিমা বেগম মালিকের ঘরে কাজ করতে গেলে সৎবাবা আবাস মিয়া সুযোগ পেয়ে শিশু রাকিবকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন।

রাত ১০টার দিকে আকলিমা ঘরে ফিরে দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪০ মিনিটে শিশু রাকিব মারা যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘শিশু রাকিব হত্যার ঘটনায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করেছি। ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শনিবার গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’