বিয়ানীবাজারে বাঁশ ঝাড় থেকে ১২ বোর শটগান উদ্ধার

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

বিয়ানীবাজারে বাঁশ ঝাড় থেকে ১২ বোর শটগান উদ্ধার

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় লাউতা ইউনিয়নের জলডোপ কালিবহর এলাকায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ১২ বোর শটগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল এ অস্ত্রটি উদ্ধার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর ওই দল বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের জলডোপ কালিবহর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যালোচনায় এটি একটি দেশীয় ১২ বোর শটগান বলে নিশ্চিত হওয়া যায়। অস্ত্রটি এয়ারগান থেকে পরিবর্তন করে ১২ বোর কার্টিজ ফায়ারিং উপযোগী করা হয়েছিল এবং এটি সম্পূর্ণ সচল অবস্থায় ছিল।

র‌্যাব আরও জানায়, ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দায়িত্বপূর্ণ এলাকায় মোট ২৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে। এসব অভিযান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত অস্ত্রটি জিডির মাধ্যমে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।