পাসপোর্ট সেবায় ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

পাসপোর্ট সেবায় ব্যতিক্রমী উদ্যোগ

রাজধানীর গুলশানে দেশে প্রথমবারের মতো উদ্যোক্তা নির্ভর ‘নাগরিক সেবা কেন্দ্রে’ পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর মাধ্যমে এবার থেকে পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্টের আবেদন ও নবায়ন সেবা পাওয়া যাবে।

প্রাথমিকভাবে গুলশান-১, উত্তরা সেক্টর-৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রীসহ মোট ১০টি কেন্দ্রে এ সেবা চালু করা হচ্ছে।

ইতোমধ্যে গুলশান-১, উত্তরা এবং নীলক্ষেতের কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেছে।

বর্তমানে নাগরিক সেবার আওতায় পাসপোর্ট ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভূমি নামজারি পর্চাসহ প্রায় ৪০০টি সরকারি সেবা পাওয়া যাচ্ছে।

উপজেলা পরিষদ, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরের এসব সেবা এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব গড়ে তোলা হচ্ছে। এর ফলে নাগরিকদের আর আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি উপস্থিত ছিলেন।