সিলেট-ঢাকা হাইওয়েতে পুলিশের চেকপোস্ট, কমলো চুরি-ছিনতাই

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

সিলেট-ঢাকা হাইওয়েতে পুলিশের চেকপোস্ট, কমলো চুরি-ছিনতাই

সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ অংশে চুরি-ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে সিলেট হাইওয়ে পুলিশ বিশেষ পদক্ষেপ নিয়েছে। অলিপুরে স্থাপিত হাইওয়ে পুলিশ ক্যাম্প ও চেকপোস্টের কারণে এখন মহাসড়কে স্বস্তি ফিরে এসেছে।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, ক্যাম্প স্থাপনের পর থেকে চেকপোস্টে ২৪ ঘণ্টা তৎপরতা বজায় রাখা হচ্ছে। এতে ভারতীয় মাদক ও চোরাচালান পণ্যের প্রবেশ বাধাগ্রস্ত হয়েছে এবং ফিটনেসবিহীন ও কাগজপত্রবিহীন গাড়ির প্রসিকিউশন বেড়েছে।

হবিগঞ্জের মাধুবপুর ও শায়েস্তাগঞ্জ এলাকার শিল্পাঞ্চলে প্রায় ৫০ হাজার শ্রমিক কাজ করেন। এর আগে দীর্ঘ যানজট ও চুরি-ছিনতাইয়ের কারণে শ্রমিক ও সাধারণ পথচারীরা প্রতিদিন ভোগান্তিতে পড়তেন। কিন্তু হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের চেকপোস্ট স্থাপনের পর থেকে এসব সমস্যা অনেকটাই কমেছে।

প্রাণ আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ জালাল বলেন, ক্যাম্পের আগে সন্ধ্যার পর শিল্পকর্মীরা ছিনতাইকারীদের কবলে পড়ত। এখন সেই ভয়াবহতা শূন্যের কোঠায় নেমেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পকর্মী বলেন, হাইওয়ে পুলিশের ক্যাম্পের কারণে নিজেকে নিরাপদ মনে করি। আগে বাড়ি ফেরার সময় আতঙ্ক ছিল, এখন সেই ভয় নেই।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, প্রতিদিন চুরি-ছিনতাই হত। পুলিশের তৎপরতার কারণে এখন এই সমস্যাও নেই। সবাই নিরাপদ বোধ করছে।

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, অলিপুর সিলেট বিভাগের প্রধান প্রবেশদ্বার। মহাসড়ক ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্প সময়ের দাবি ছিল। উদ্বোধনের পর থেকে ইতিবাচক ফল পাচ্ছি। যানজট নিয়ন্ত্রণে এসেছে, চোরাচালান কমেছে এবং শ্রমিক ও শিল্প মালিকরা নিরাপদ বোধ করছেন। স্থানীয় জনগণও আমাদের সহযোগিতা করছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট