৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
নির্বাচনের সাড়ে তিন বছর পর সিলেটের জকিগঞ্জে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা হাসান আহমদ।
রোববার (৩ আগস্ট) বিকেলে সিলেটের জেলা পরিষদ সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ তাঁকে শপথ পাঠ করান।
এর আগে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ হাজার ১৩৭ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আফতাব আহমদকে বিজয়ী ঘোষণা করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি ঘরানার প্রার্থী হাসান আহমদ চশমা প্রতিকে পান ২ হাজার ৯৭৮ ভোট। ব্যবধান ছিল মাত্র ১৫৯ ভোট। ফলাফল নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ভোট কারচুপির অভিযোগে পুনঃগণনার আবেদন করেন চশমা প্রতীকের প্রার্থী হাসান আহমদ।
এরপর তিনি একই বছরে নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা (নম্বর ০২/২০২২) দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সম্প্রতি সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারকের পুনঃগণনায় হাসান আহমদ ৭৮ ভোটে এগিয়ে থাকায় তার পক্ষেই রায় দেন।
এরপর গত ১৩ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংশোধিত ফল প্রকাশ করা হয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালীসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিপূল সংখ্যক নেতৃবৃন্দ ও জকিগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ জনগণ।
ইউপি চেয়ারম্যান হাসান আহমদ বলেন, ‘আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি অত্যন্ত খুশি। জকিগঞ্জ ইউনিয়নের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে নির্বাচিত করলেও বিগত আওয়ামী সরকারের অনুগত নির্বাচন কমিশন কারচুপি করে নৌকার প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে।
আগামী দিনের সুন্দর পথচলায় প্রিয় ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D