৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে সিলেট নগরের শাহপরাণ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ভিকটিমের মোবাইল ফোন, নগদ অর্থ এবং দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেলসহ অন্যান্য আলামত।
জানা গেছে, গত ৩০ জুলাই দুপুরের দিকে বড়লেখা উপজেলার শিমুলিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে ২ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে আব্দুল আহাদ ও তার মেয়ে সুহাদা আক্তার দুইটি মোটরসাইকেলে আগত চার ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের গলায় ধারালো দা ধরে ভয়ভীতি দেখিয়ে মেয়ের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল ২,১৬,০০০ টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরি রুপার চেইন ও জাতীয় পরিচয়পত্র।
এ ঘটনায় বড়লেখা থানায় মামলা (নং-১৭, তারিখ ৩০/০৭/২০২৫) রুজু করা হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপস ও ক্রাইম) নোবেল চাকমা এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অ্যাজমল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু হয়।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১ আগস্ট সিলেট নগরীর কাজিরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় সেলিম আহমদ ওরফে অনিক (৩৭) ও সাকিব আহমদ (২৫) নামের দুই আসামিকে।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে নগদ ৯৯,৫০০ টাকা, ছিনতাইকৃত স্যামসাং স্মার্টফোন, ধারালো দা, একটি TVS Apache RTR 150cc মোটরসাইকেল, একটি কালো হেলমেট এবং অভিযুক্তদের দস্যুতাকালীন পরিহিত টি-শার্ট ও গেঞ্জি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে। মামলার বাদী তাদের সনাক্ত করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D